ঢাকাSunday , 1 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘গ্যাসের অবৈধ সংযোগের জন্য অসাধু ব্যবসায়ী ও তিতাস কর্মকর্তারা দায়ী’

Link Copied!

সারা দেশব্যাপী গ্যাসের অবৈধ সংযোগের জন্য এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এবং তিতাসের কর্মকর্তারা দায়ী বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (৩১ মে) আশুলিয়া-গাজীপুরের বিভিন্ন শিল্প-কারখানা পরিদর্শন শেষে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। তিনি বলেন, ‘গ্যাসের সরবরাহ বৃদ্ধির জন্য চার কার্গো অতিরিক্ত এলএনজি আমদানি করা হয়েছে। তার মধ্যে একটি কার্গো এলেও প্রতিকূল আবহাওয়ার কারণে জাহাজটি ডকিংয়ে দুই দিন বিলম্ব হয়। ইতোমধ্যে জাহাজ থেকে গ‍্যাস ট্রান্সমিশন লাইনে দেওয়া সম্ভব হয়েছে।’ উপদেষ্টা বলেন, ‘আজ (শনিবার) সন্ধ্যা থেকেই শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের চাপ বৃদ্ধি পরিদর্শনকালেই অনুভূত হয় এবং শিল্প মালিকরাও এ বিষয়ে সত্যতা প্রকাশ করেছেন।’এ সময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদ্যুতের ক্ষেত্রে কিছু ট্রান্সমিশন লাইনের সমস্যা রয়েছে। সেগুলো সমাধানের কাজ চালু আছে। জেলা প্রশাসনসহ গ্যাস ও বিদ্যুৎ কোম্পানি এবং যৌথবাহিনী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কর্মসূচি শুরু করবে। আশা করা যাচ্ছে, গৃহিত ব্যবস্থাগুলোর ফলে শিল্প কারখানায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের সমস্যা অচিরেই বহুলাংশে লাঘব হবে।’এ সময় উপদেষ্টা নিয়মিতভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ঊর্ধ্বতন কর্মকর্তার সমন্বয়ে বিভিন্ন শিল্পাঞ্চল এলাকা ও শিল্প-কারখানায় জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি পরিদর্শনের নির্দেশনা দেন। এদিন সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত আশুলিয়া, চন্দ্রা, কালিয়াকৈর, মির্জাপুর, গাজীপুর ও ভালুকা শিল্পাঞ্চলে চলে এ পরিদর্শন কার্যক্রম। এ সময় জ্বালানি উপদেষ্টা বেপজা, ঔষধ, পাদুকা, টেক্সটাইল, স্পিনিং, সিরামিক, টাওয়েল, ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে মত বিনিময় করেন। পরিদর্শনকালে উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, তিতাস গ্যাস লিমিটেডের এমডি শাহনেওয়াজ পারভেজ, পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়াউল আজিম, পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর সিনিয়র জিএম, স্থানীয় প্রশাসনসহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।