আন্তর্জাতিক ডেস্ক : চিলির নৌ-বন্দরনগরী ভালপারাইসো অকস্মাৎ দাবানলের শিকার হয়েছে। প্রকৃতি ও লোকালয়ে দেখা দিয়েছে ভীষণ বিপর্যয়। জরুরী সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ওনেমি এ তথ্য জানিয়েছে।
ওনেমি আরও জানায় বন্দরনগরী ভালপারাইসো এবং প্রতিবেশি শহর ভিনা দেলমার থেকে প্রায় ৪৫০০ নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে। রাষ্ট্রে জরুরী অবস্থা জারি করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ দাবানলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। জানিয়েছে এলাকাগুলো থেকে সরিয়ে নেয়ার নাগরিকের সংখ্যা ১৬,০০০ পেরিয়ে যেতে পারে। নির্ভর করবে দাবানলের তীব্রতা ও গতিপথের ওপর।
জানা গেছে একটি ময়লাফেলার স্থানে প্রথম অগ্নিকাণ্ডের সূচনা ঘটে, পরে তা ছড়িয়ে পড়ে। প্রায় ২৬০ হেক্টর জমিতে ছড়িয়ে পড়ে।
এ পর্যন্ত অগ্নিকাণ্ডে শ্বাসনালী বন্ধ হয়ে এক নারীর মৃত্যুসংবাদ পাওয়া গেছে। উদ্ধারকাজে তৎপর তিন দমকলকর্মীকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জানা যায়, ভালপারাইসো একটি পাহাড়ি শহর। এর অধিকাংশ ঘরবাড়ি কাঠের তৈরি এবং অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে এটি ভূমিকা রেখেছে।
প্রতি বছর মার্চ মাসে চিলিতে অগ্নিকাণ্ড একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়ছে। গত বছরও একই শহরে একই ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন, ২০০০ ঘরবাড়ি পুড়ে গেছে।

