ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে বিদায় নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী এবং প্রযুক্তি জগতের অন্যতম আলোচিত মুখ ইলন মাস্ক। ‘দুর্দান্ত’ শব্দে প্রশংসা করে ট্রাম্প তাকে বিদায় জানান। এই বিদায়ের মধ্য দিয়ে এক যুগান্তকারী প্রশাসনিক অধ্যায়ের আপাত সমাপ্তি ঘটলো, যা শুরু হয়েছিল ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী জয়ে মাস্কের বিশাল আর্থিক সহায়তার পর থেকে। শুক্রবার (৩০ মে) হোয়াইট হাউজের ওভাল অফিসে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। মাস্ক নিজেও সেখানে উপস্থিত ছিলেন। বিদায়ের ঘোষণা এল এমন এক সময়, যখন ট্রাম্পের প্রশাসনের অভ্যন্তরে মাস্কের কিছু পদক্ষেপ এবং সর্বশেষ এক সরকারি বিল নিয়ে প্রকাশ্য দ্বন্দ্ব তৈরি হয়েছে। সরকারের ব্যয় সংকোচন নীতি নিয়ে ট্রাম্প-মাস্ক একসময় একমত হলেও, সর্বশেষ ‘বড় ও সুন্দর বিল’-এ ট্রাম্পের স্বাক্ষর নিয়ে মুখোমুখি অবস্থানে যান তারা। তার আগেও সরকারি কর্মকর্তাদের চাকরিচ্যুতি ও সহায়তা স্থগিতের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন মাস্ক। ডোনাল্ড ট্রাম্প শুক্রবারের সংবাদ সম্মেলনে বলেন, ‘ইলন এক কথায় দুর্দান্ত। তিনি প্রশাসনে অক্লান্তভাবে কাজ করেছেন এবং তার কারণেই আমরা এত দ্রুত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পেরেছি। অন্য কেউ হলে কয়েক প্রজন্ম লাগতো এই পরিবর্তনে।’ ট্রাম্প আরও বলেন, ‘আজ তিনি বিদায় নিচ্ছেন, তবে আমি নিশ্চিত, এটাই শেষ নয়। তিনি ভবিষ্যতেও কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে থাকবেন।’২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের প্রচারাভিযানে ব্যাপক অর্থ দিয়ে ইলন মাস্ক তার রাজনৈতিক সম্পৃক্ততা শুরু করেন। নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর মাস্ককে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

