ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ জোরদার হচ্ছে। বার্তাসংস্থা পার্সটুডে জানায়, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য দেশকে উদ্দেশ্য করে বলেছেন, ইসরায়েলের সঙ্গে সব ধরণের অংশীদারিত্ব চুক্তি স্থগিত করুন এবং অস্ত্র রপ্তানি বন্ধ রাখুন। স্পেনের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার আরও বলেন, গাজায় আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ৫০ হাজারের বেশি মানুষের হত্যাকাণ্ডের বিষয়ে চুপ থাকা যায় না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, গাজা উপত্যকার পরিস্থিতির উন্নতি না হলে ইউরোপীয় দেশগুলোকে সম্মিলিতভাবে ইসরায়েলের বিষয়ে অবস্থান কঠোর করতে হবে। তিনি আরও বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া কেবল একটি নৈতিক দায়িত্ব নয় বরং রাজনৈতিক দিক থেকেও এটা প্রয়োজন। ৩০০ জনেরও বেশি ব্রিটিশ ব্যক্তিত্ব সে দেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে একটি চিঠি লিখে গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞে লন্ডনের সম্পৃক্ততার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারীরা ব্রিটিশ সরকারকে বলেছেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিত রাখতে হবে এবং গাজায় অবিলম্বে মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিতে হবে। এর আগে ব্রিটেনের ৮০০ জনেরও বেশি আইনজীবী, শিক্ষাবিদ এবং বিচারক সেদেশের প্রধানমন্ত্রী স্টারমারকে একটি চিঠি পাঠিয়ে আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

