নিজস্ব প্রতিবেদক
জঙ্গি অর্থায়নের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জঙ্গিবাদের অর্থের উৎস অনুসন্ধান কার্যক্রম আরো জোরদার এবং এর কার্যক্রম অধিকতর সমন্বয়ের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে জঙ্গিবাদের টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গত মাসের শেষ সপ্তাহে টাস্কফোর্স গঠিত হওয়ার পর এটাই প্রথম সভা।
আমির হোসেন আমু বলেন, ‘সরকার সন্ত্রাস দমন আইন করেছে। আজকে আমরা ওই আইনটির প্রেক্ষিতে জঙ্গিবাদের অর্থের উৎস অনুসন্ধান ও তাদের অর্থ যোগানদাতাদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। বিশেষ করে ব্যাংকিং খাতের অর্থ লেনদেন এবং সামাজিক দায়বদ্ধতা বা করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) নিয়ে আলোচনা হয়েছে।’
জঙ্গিদের কোনো অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আজকেই প্রথম টাস্কফোর্সের বৈঠকে বসেছি। যদি দোষীদের চিহ্নিত করতে পারি অবশ্যই তাদেরকে আটক করা হবে।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব এম আসলাম আলম, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, সকল গোয়েন্দা সংস্থার প্রতিনিধি পুলিশ ও বিজিবি প্রধান বৈঠকে উপস্থিত ছিলেন।

