নিজস্ব প্রতিবেদক : উন্নয়নের ধারাবাহিকতা থাকলে ২০১৮ সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার (১৩ মার্চ) বসুন্ধরা কনভেনশন সেন্টারের সিটি হল-১ এ রোটারি ইন্টারন্যাশনালের দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা জানান।
অর্থমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশও দারিদ্র্যমুক্ত হবে। এ দেশের দরিদ্র জনগোষ্ঠী আগামী চার বছরের মধ্যে আর দরিদ্র থাকবে না।
তিনি বলেন, ১৯৯১ সালে এদেশের ৫০ ভাগ লোক দারিদ্র্য সীমার নিচে বাস করতেন। সেই পরিস্থিতি থেকে দেশ অনেক এগিয়ে গেছে।
মন্ত্রী বলেন, আমাদের দেশের মতো উন্নয়নশীল একটি দেশে সরকারের একার পক্ষে সার্বিক জাতীয় উন্নয়ন সম্ভব নয়। সরকারের পাশাপাশি রোটারিসহ এ ধরনের মানবতাবাদী সংগঠনকেও এগিয়ে আসতে হবে।
মুহিত বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে রোটারি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে রোটারি ভূমিকা প্রশংসনীয়।
বাংলাদেশকে পোলিওমুক্ত করতে রোটারি কার্যকরী ভূমিকা রয়েছে বলেও জানান তিনি। সারাদেশ থেকে রোটারি সদস্যদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করেছে রোটারি ইন্টারন্যাশনাল।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন-রোটারি ইন্টারন্যাশনালের প্রতিনিধি চিং চ্যাং টাইগার কু, রোটারি বাংলাদেশের গভর্নর সাফিনা রহমান প্রমুখ।

