পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তুমুল ঝড়-বৃষ্টির কবলে পরে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও ৯২ জন। এ ছাড়া ঝড়ের কারণে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি মোকাবিলায় পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) প্রদেশের বিভিন্ন এলাকায় নাগরিকদের উচ্চ সতর্কতার আহ্বান জানিয়েছে। পিডিএমএর বিবৃতিতে বলা হয়, ‘জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বিভাগগুলোকে সতর্ক থাকতে হবে। এছাড়া প্রাদেশিক নিয়ন্ত্রণ কক্ষ এবং সব জেলা জরুরি অপারেশন কেন্দ্রগুলোকেও সতর্ক করা হয়েছে। বিবৃতিতে বৈদ্যুতিক খুঁটি এবং ঝুলন্ত তার থেকে নাগরিকদের সতর্ক ও দূরে থাকার আহ্বান জানানো হয়।’ এতে আরও বলা হয়, ‘বজ্রপাত এড়াতে নিরাপদ স্থানে থাকুন। খারাপ আবহাওয়া এবং বজ্রপাতের সময় খোলা জায়গায় থাকবেন না। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন এবং ধীরে গাড়ি চালান।’স্থানীয় একটি কারখানার ছাদ ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়লে একজন শ্রমিক নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন বলে জানিয়েছে দেশটির সরকারি টেলিভিশন পাকিস্তান টেলিভিশন। এ ছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন বলেও জানা গেছে। ঝড়ের কারণে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে, গত শুক্রবার পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া, ধুলিঝড় ও বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিল।

