বাংলাদেশে তরুণদের ক্ষমতায়ন, যুবকদের সম্পৃক্ততাকে অর্থবহ করা এবং যুবনীতি জোরদার করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সোমবার (১৯ মে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে জাতীয় ক্রীড়া পরিষদে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এই সহযোগিতা বাংলাদেশে যুব ক্ষমতায়নের জন্য একটি সময়োপযোগী এবং কৌশলগত পদক্ষেপ। আমাদের যুবসমাজকে নীতিনির্ধারণে অবদান রাখার জন্য একটি মঞ্চ নিশ্চিত করার মাধ্যমে আমরা ভবিষ্যতের জন্য তাদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারি। এর মধ্যে তরুণদের প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ক্রমবর্ধমান ডিজিটাল (সাংকেতিক) অর্থনীতির সাথে তাল মেলানো, একইসাথে পরিবেশ উন্নয়নে দক্ষতা এবং উদ্ভাবন প্রচারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সুযোগগুলিকে কাজে লাগানো। জাতীয় যুবনীতি পর্যালোচনা করার পাশাপাশি, এই অংশীদারিত্বের লক্ষ্য হলো জাতীয় ও জেলা পর্যায়ে যুব-সম্পৃক্ত প্রক্রিয়া কার্যকর করা, যাতে নীতি ও কৌশল প্রণয়নে তরুণদের অর্থবহ ভূমিকা থাকে। এছাড়া, তৃণমূল পর্যায়ের উদ্যোগের জন্য সমন্বয়, গ্রহণযোগ্যতা এবং সমর্থন বাড়ানোর লক্ষ্যে যুব-নেতৃত্বাধীন সংগঠনগুলোর একটি তথ্যভান্ডার তৈরি করা হবে। এই অংশীদারিত্ব যুব ও লিঙ্গভিত্তিক তথ্যের উপর ভিত্তি করে তথ্যপত্র তৈরির দিকেও গুরুত্ব দেবে, যা প্রমাণভিত্তিক জনসমর্থন কার্যক্রম ও পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বাংলাদেশের তরুণদের ক্ষমতায়নে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তিনি বলেন, “জাতীয় যুবনীতি ২০১৭ অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর একটি পর্যালোচনা বাধ্যতামূলক। যেহেতু প্রথম পর্যালোচনা ২০২২ সালে হওয়ার কথা ছিল, যুব উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের প্রতি আমাদের প্রতিশ্রুতি জোরদার করতে এটি একটি সময়োপযোগী সুযোগ।” জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধি মি. মাসাকি ওয়াতাবে বলেন, যুবনীতি প্রণয়ন, তথ্যভান্ডার সংরক্ষণসহ স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের যুবসমাজের জন্য অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবনী ও কার্যকর ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে সমঝোতা স্মারকে বর্ণিত কর্মকাণ্ড বাস্তবায়নে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

