আন্তর্জাতিক ডেস্ক : ফার্গুসনে বুধবার দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, এই অপরাধী কর্মকাণ্ডের পক্ষে কোনো অজুহাত মেনে নেয়া যায়না।
বুধবার মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরের গোলযোগপূর্ণ সেন্ট লুইসের এক পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন ওই দুই কর্মকর্তা। আহতদের অবস্থা গুরুতর এবং তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, বিক্ষোভকারীরা ন্যায়সঙ্গতভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে তিনি পুলিশের ওপর হামলাকারীদের ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এবিসি চ্যানেলের এক লাইভ প্রোগ্রামে অংশ নেয়ার সময় ওবামা বলেন, ফার্গুসনে যা ঘটেছিল তা ছিল নিষ্ঠুর এবং আপত্তিকর। তাই বলে এ ধরনের অপরাধী তৎপরতাকে মেনে নেয়া যায়না। গত আগস্টে ফার্গুসনে পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউনের নিহত হওয়ার প্রসঙ্গে এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই দিন থেকেই সাউথ ফ্লোরিসান্ট রোডের ওই পুলিশ স্টেশনের বাইরে নিয়মিত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করছে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী।
এ ঘটনার জের ধরে বুধবার ফার্গুসনের পুলিশ প্রধান টমাস জ্যাকসন পদত্যাগ করেন। এ খবর প্রকাশিত হওয়ার পরপরই সাউথ ফ্লোরিসান্ট রোডের ওই পুলিশ স্টেশনের বাইরে জড়ো হয় বিক্ষোভকারীরা। তাদের বাধা দিতে থানার বাইরে অবস্থান নেয় বেশ কয়েকজন পুলিশ। এ সময় অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে আহত হন ওই দুই কর্মকর্তা।

