আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে বুধবার রাতে দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরের গোলযোগপূর্ণ সেন্ট লুইসের এক পুলিশ স্টেশনের বাইরে গুলিবিদ্ধ হয়েছেন ওই দুই কর্মকর্তা। আহতদের অবস্থা গুরুতর এবং তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ফার্গুসনের পুলিশ প্রধান টমাস জ্যাকসন পদত্যাগ করেছেন বলে খবর প্রকাশিত হওয়ার পরপরই সাউথ ফ্লোরিসান্ট রোডের ওই পুলিশ স্টেশনের বাইরে জমায়েত হয় বিক্ষোভকারীরা। তাদের বাধা দিতে থানার বাইরে অবস্থান নেয় বেশ কয়েকজন পুলিশ। এ সময় অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে ওই দুই কর্মকর্তা আহত হন।
তবে দা ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকা জানিয়েছে, আহত দুই পুলিশ ফার্গুসনেন নন।
সেন্ট লুইস কাউন্টির পুলিশ প্রধান জন বেলমার বলছেন, একজনের মুখে এবং অন্যজনের কাধে গুলি লেগেছে। তাদের আঘাত গুরুতর হলেও তারা বেঁচে যাবেন বলেই মনে হচ্ছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভ শুরু হওয়ার অল্প কিছুক্ষণ পরেই তারা দুই থেকে চারটি গুলির শব্দ শুনতে পান।
উল্লেখ্য, পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন নিহত হওয়ার পর থেকেই সাউথ ফ্লোরিসান্ট রোডের ওই পুলিশ স্টেশনের বাইরে নিয়মিত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করছে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর।
ফার্গুসন পুলিশ বিভাগ এবং আদালত ব্যবস্থায় ব্যাপক বর্ণবাদি বৈষম্য থাকার প্রমাণ পাওয়া গেছে বলে সম্প্রতি একটি ফেডারেল প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর পদত্যাগ করেন পুলিশ প্রধান টমাস জ্যাকসন । সেন্ট লুইসে গত আগস্ট মাসের ওই হত্যাকাণ্ডের পর থেকেই থমাস জ্যাকসনকে বরখাস্ত করার দাবি জানিয়ে আসছিল বিক্ষোভকারীরা। অবশেষে বুধবার তিনি পদত্যাগ করেন। এই ঘটনায় এ নিয়ে ৬ মার্কিন কর্মকর্তা পদত্যাগ করলেন।

