আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান মৈত্রীপালা সিরিসেনা ঘোষণা দিয়েছেন, আগামী এক মাসের মধ্যে যুদ্ধাপরাধ-বিষয়ক তদন্ত কমিটি গঠিত হবে। এবং আন্তর্জাতিক চাপ থাকার পরও জাতিসংঘের কোনো তদন্তকারী ঐ দলে যুক্ত হতে পারবে না। ব্রিটেন সফরে এসে বিবিসির সিংহল-সার্ভিস অংশের কাছে এক সাক্ষাৎকার প্রদানকালে তিনি এ কথা বলেন।
শ্রীলঙ্কার সরকারী সেনাবাহিনীর সঙ্গে তামিল টাইগারদের প্রায় ২৬ বছরব্যাপী রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান ঘটার সময় হিসেবে ২০০৯ সাল খুব গুরুত্বপূর্ণ। তামিল টাইগাররা আনুষ্ঠানিকভাবে সরকারী সেনাবাহিনীর কাছে পরাজয় বরণ করে। গণহত্যার অভিযোগ থেকে কোনো পক্ষই রেহাই পায়নি। প্রায় তিন দশক বিস্তৃত গৃহযুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত দীর্ঘদিন ধরে একটি নির্বাচনী ইস্যু হয়ে ছিল।
মৈত্রীপালা সিরিসেনা মনে করেন, নবগঠিত তদন্ত দল নিরপেক্ষভাবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো যাচাই করতে সমর্থ হবে। আন্তর্জাতিক তদন্ত দলকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা না থাকলেও জাতিসংঘ-নির্বাচিত ব্যক্তিদের পরামর্শ নেয়া যেতে পারে বলে মনে করেন তিনি।
জাতিসংঘ দীর্ঘদিন যাবত গৃহযুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার ওপর জোর দিয়ে আসছে। এবং এ প্রেক্ষাপটে সাবেক রাষ্ট্রপ্রধান মাহিন্দা রাজাপাকসের চেয়ে সিরিসেনাকেই অধিক যোগ্য মনে করছে।
নির্বাচন-পরবর্তী সময়ে রাজাপকসে যে একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন, সেটিও উঠে আসে বিবিসির সঙ্গে সিরিসেনার সাক্ষাতকারে। সকল বাধাবিপত্তির বিপরীতে গিয়ে ক্ষমা ও সহযোগীতামূলক মনোবৃত্তি তৈরি করে একটি নতুন ধারার সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত রাষ্ট্রপ্রধান মৈত্রীপালা সিরিসেনা।

