গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর মরকুন এলাকায় চাঁদাবাজি করার অভিযোগে পুলিশের দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।
বুধবার রাতে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১২টার দিকে স্থানীয় মরকুন এলাকার মাদক ব্যবসায়ী আনোয়ারের বাড়িতে অভিযুক্ত দুই পুলিশ সদস্য সফিউল আলম এবং সালাহউদ্দিন সাদাপোশাকে গিয়ে চাঁদা দাবি করে। এ সময় স্থানীয় লোকজন তাদের ভুয়া পুলিশ সদস্য ভেবে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে।
এ ঘটনার পর চাঁদাবাজি ও দায়িত্ব অবহেলার অভিযোগ এনে ওই দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত সফিউল ও সালাহউদ্দিনকে চাঁদাবাজির অভিযোগে প্রত্যাহার করা হয়।

