নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ক্রিকেটে শক্তিশালী ইংল্যান্ডকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় আবারও বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, এই প্রথমবারের মতো আমাদের টাইগাররা পরপর তিন ম্যাচে জয়ী হয়ে বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইলে উঠেছে। এ জন্য আমি ক্রিকেট দল ও এর সব কর্মকর্তা-কর্মচারীকে অভিনন্দন জানাই।
বুধবার (১১ মার্চ) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরপর্বকালের শুরুতে প্রশ্নের উত্তর দেওয়ার আগে স্পিকারের অনুমোতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় স্পিকারের চেয়ারে ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
শেখ হাসিনা বলেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা বিষয় বলতে চাই। আমাদের টাইগাররা ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এ জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই। যাতে আমাদের রয়েল বেঙ্গল টাইগাররা সেমি-ফাইনালে উঠতে পারে। হয়তো তারা একদিন ফাইনালে গিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে আনবে।

