ঢাকাThursday , 24 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জামাতাসহ ২ অতিরিক্ত কর কমিশনার বাধ্যতামূলক অবসরে

Link Copied!

দুই অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মাহমুদুজ্জামান ও মো: শফিকুল ইসলাম আকন্দকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। বুধবার (২৩ এপ্রিল) কর শাখা-২ এর সহকারী সচিব জাকির হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। মাহমুদুজ্জামান কর আপিল অঞ্চল, রাজশাহীর কমিশনারের চলতি দায়িত্বে ছিলেন এবং শফিকুল ইসলাম আকন্দ কর আপিল অঞ্চল-১, ঢাকার কমিশনারের চলতি দায়িত্বে ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে অবসর প্রদান করা প্রয়োজন বলে মনে করায়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের অবসর দেওয়া হলো।’ এতে আরও জানানো হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসর-সংক্রান্ত সব সুবিধা পাবেন। উল্লেখ্য, মাহমুদুজ্জামান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জামাতা। আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল, যার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে, শফিকুল ইসলাম আকন্দের বিরুদ্ধে এর আগে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। এ অভিযোগের কারণে তাকে একবার সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এর আগে, ১৭ এপ্রিল আরও দুই কর কমিশনার—গোলাম কবীর ও আবু সাঈদ মো. মুস্তাক—কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। গোলাম কবীর খুলনায় ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের দ্বৈত বেঞ্চের সদস্য ছিলেন, আর আবু সাঈদ মো. মুস্তাক জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সদস্য হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, এনবিআর দুর্নীতি দমন ও রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে শুদ্ধি অভিযান পরিচালনা করছে। অভিযানে যাদের বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হচ্ছে, তাদের বিরুদ্ধে চাকরিবিধি ও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে—যার মধ্যে রয়েছে বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ।