দেশের মানুষের কাছে দোয়া চেয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, দোয়া করবেন, সকল মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি। বুধবার (২৩ এপ্রিল) নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি দোয়া চান। পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-উলামাদের বিরুদ্ধে বহুরকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যে মামলা প্রদান। তিনি লেখেন, কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। উনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসিফ নজরুর আরও লিখেন, উনারা ফারাবীর বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা এটর্নি জেনারেল অফিসকে বলেছি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। দোয়া করবেন, সকল মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি।

