ঢাকাWednesday , 23 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মিরে হামলায় দেশে ফিরে বিমানবন্দরে জরুরী বৈঠক মোদির

Link Copied!

ভারত শাসিত জম্মু-কাশ্মিরে হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া আরো অনেকে আহত হন। একে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে ফিরে বিমানবন্দরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তিনি। বুধবার (২৩ এপ্রিল) ভোরে বিমানবন্দরে নেমেই মোদি ঘোষণা করেছেন, কাশ্মীরে বন্দুক হামলায় জড়িত কোনো ব্যক্তিকে রেহাই দেওয়া হবে না। ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২২ এপ্রিল) দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পাহালগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সংযুক্ত আরব আমিরাত এবং একজন নেপালের নাগরিক ছিলেন। এছাড়া দুইজন স্থানীয় বাসিন্দাও রয়েছেন। পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তাইয়েবার গোপন সহযোগী (শ্যাডো গ্রুপ) দ্য রেজিস্ট্যান্স ফোর্স এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের পক্ষ থেকে হামলাকারীর পরিচয় নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সফরসূচি অনুযায়ী, বুধবার (২৩ এপ্রিল) রাতে দিল্লি ফেরার কথা ছিল মোদির। কিন্তু, পহালগাম ঘটনায় মুহূর্তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। খবর পাওয়া মাত্রই সৌদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। কাশ্মীরের সুরক্ষাব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে মঙ্গলবার রাতেই শ্রীনগরে পৌঁছে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। এর আগে, মঙ্গলবার সকালে দুদিনের সফরে সৌদি আরবের জেড্ডা শহরের উদ্দেশে রওনা দেন মোদি। সৌদি প্রিন্স যুবরাজ সালমানের আমন্ত্রণেই এই সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র পহালগামের বৈসরন উপত্যকার জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়ার পরপরই ভারতে ফেরার তোড়জোড় শুরু করে মোদি। সৌদি থেকেই সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, জম্মু ও কাশ্মীরের পহালগামে এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের সমবেদনা জানাই। প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। সব ধরনের সহায়তা করা হবে। এরপরেই জঙ্গিদের হুঁশিয়ারি দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, এই জঘন্য অপরাধের নেপথ্যে যারা রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের অশুভ লক্ষ্য চরিতার্থ হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের অঙ্গীকার দৃঢ়। এটা আরও কঠিন হবে। জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ও সেখানকার সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও পহেলগামে পর্যটকদের ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।