নিজস্ব প্রতিবেদন : গত ৫ বছরে বিমানের লোকসান ১ লাখ ৩৪ হাজার ৮৮২ কোটি টাকা বলে সংসদকে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বাংলাদেশ বিমান ২০০৭ সালে কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পরে ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে মুনাফা অর্জন করে। পরবর্তী আর্থিক বছরগুলোতে বিমান লোকসানের সম্মুখিন হয়।
বিমানকে লাভজনক প্রতিষ্ঠান করার উদ্যোগ তুলে ধরে রাশেদ খান মেনন বলেন, ‘দুটি পুরাতন বিমান বাতিল করা হয়েছে। চারটি নতুন প্রজন্মের বোয়িং যুক্ত করা হয়েছে। এছাড়াও বিমানের রুট পুনর্বিন্যাসসহ লাভজনক গন্তব্য তথা জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর ইত্যাদি গন্তব্যে সাপ্তাহিক ফ্রিকুয়েন্সি বৃদ্ধির প্রয়াস নেয়া হয়েছে।’
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রীর দেয়া হিসাবে দেখা যায়, ২০০৯-১০ অর্থবছরে ৪ হাজার ৬০২ কোটি, ২০১০-১১ অর্থবছরে ২২ হাজার ৪১৬ কোটি, ২০১১-১২ অর্থবছরে ৫৯ হাজার ৪২১ কোটি, ২০১২-১৩ অর্থবছরে ২৮ হাজার ৫৬৩ কোটি ও ২০১৩-১৪ অর্থবছরে ১৯ হাজার ৮৮০ কোটি টাকা লোকসান হয়।

