নিজস্ব প্রতিবেদন : সাড়ে ২৬ কোটি টাকা আত্মাসাতের অভিযোগে সোনালী ব্যাংকের সাবেক দুই ডিজিএমসহ ৫ জনের বিরুদ্ধে দু’টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে সেগুন বাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ খবর নিশ্চিত করেন।
দুদক সূত্রে জানা গেছে, একটি মামলায় আসামি হবেন সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ করপোরেট শাখার সাবেক ডিজিএম সৈয়দ আহমেদ মিজি, একই শাখার প্রিন্সিপাল অফিসার মো. নুরুজ্জামান ও মেসার্স তাহা নিট কনসার্নের মালিক খন্দকার হারুন অর রশীদ।
তাহা নিটের নামে সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ করপোরেট শাখা থেকে ২০০৬ সালের ২ জানুয়ারি থেকে ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত ২৮টি ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে ৭ কোটি ৯২ হাজার ৮১২ টাকা ঋণ উত্তোলন করা হয়। পরে এসব ঋণের কিছু টাকা পরিশোধ করে কর্মকর্তাদের যোগসাজশে ৫ কোটি ২৬ লাখ ৫৪ হাজার ৪৯৩ টাকা আত্মসাৎ করা হয়।
অপর অভিযোগে জানা গেছে, মেসার্স সিয়াম নিটওয়্যারের নামে ৪৪টি ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে ২৫ কোটি ৫ লাখ ৩৪ হাজার ৩৯ টাকা ঋণ উত্তোলন করা হয়। তার মধ্যে ২১ কোটি ৩৮ লাখ ৬৫৪ টাকা আত্মসাৎ করে। এ মামলায় আসামি করা হবে সিয়াম নিটওয়্যারের মালিক মোহাম্মদ হাবিবুর রহমান এবং একই শাখার সাবেক ডিজিএম চৌধুরী আব্দুল হান্নানকে।
প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘বিষয় দুটি দুদকের অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় এবং উপরোক্ত ব্যক্তিদের সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে আসামি করে মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন। খুব শিগগিরই সংশ্লিষ্ট থানায় এ মামলা দুটি দায়ের করা হবে।’

