আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের এক ধর্মীয় নেতা এবার মিশরের পিরামিড ও স্ফিংস ধ্বংসে ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আহ্বান জানিয়েছেন। কাতারভিত্তিক দৈনিক আল ওয়াতানের বরাত দিয়ে আরটি নিউজ সোমবার এ তথ্য জানিয়েছে।
ইব্রাহীম আল কান্দারি নামে ওই ধর্মীয় নেতা বলেন, ফারওয়ের ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের সময় এসেছে। এসব পুরাকীর্তি ঐতিহাসিক ও সাংস্কতিক কিন্তু ধর্মীয় নয়। ছবির পূজা বন্ধ করতে মুসলমানদের এগুলো ধ্বংস করা উচিৎ।
তিনি বলেন, ‘যদিও এর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারীরা মিশরে প্রবেশের সময় ফারওয়ের স্থাপনাগুলি ধ্বংস করেননি; তার মানে এই নয় যে আমাদের তা করা উচিৎ হবে না।’
প্রসঙ্গত, দু হাজার বছরেরও বেশি পুরোনো এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ বলে ঘোষিত ইরাকের হাত্রা নগরী আইএস যোদ্ধারা ধ্বংস করেছে বলে শনিবার ইরাক সরকারের পক্ষ থেকে জানানো হয়। এর আগে গত সপ্তাহে আসিরিয় সভ্যতার নগরী নিমরুদের বিভিন্ন পুরাকীর্তি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় আইএস।

