আন্তর্জাতিক ডেস্ক : ভেনিজুয়েলাকে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে ঘোষণা দিয়েছে আমেরিকা। একই সঙ্গে দেশটির সাত শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ২০১৩ সালে ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতায় আসার পর এবারই সবচেয়ে বাজে দ্বিপাক্ষিক সম্পর্কের সৃষ্টি হলো আমেরিকার সঙ্গে।
মার্কিন জ্যেষ্ঠ কমকর্তারা ওবামার এই নির্বাহী আদেশের বিষয়ে বলেছেন, এতে ভেনিজুয়েলার জ্বালানি খাত অথবা সীমান্ত অর্থনীতির ওপর কোন অবরোধ আরোপ করা হয়নি।
হোয়াইট হাউজের মুখপাত্র জশ আর্নেস্ট এক বিবৃতিতে বলেছেন, ভেনিজুয়েলার অতীত ও বর্তমান কর্মকর্তারা, যারা ভেনিজুয়েলার নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন করেছেন এবং দুর্নীতির সঙ্গে জড়িত তারা এখানে স্বাগত নয়, এবং এখন তাদের সম্পদ ও মার্কিন অর্থব্যবস্থা ব্যবহার পদ্ধতি ব্লক করার উপাদান আমাদের কাছে রয়েছে।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নিকোলাস মাদুরো। দুই ঘন্টার ভাষণে তিনি বলেন, এ অবরোধ আরোপের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে উচ্ছেদের চেষ্টা চলছে। সাম্রাজ্যবাদী এ হুমকির বিরুদ্ধে তিনি তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন এবং যে কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের একজনকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিবেন।

