ঢাকাTuesday , 10 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিআইডব্লিউটিএর কেনা জাহাজের মান পরীক্ষার দাবি

Link Copied!

BIWTAনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গত তিন বছরের বিদেশ থেকে আমদানিকৃত ১৩টি ড্রেজার ও দুটি উদ্ধারকারী জাহাজের গুণগত মান পরীক্ষার জন্য কারিগরী বিশেষজ্ঞ কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। এছাড়া অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনেরও দাবি জানান তারা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক আশীষ কুমার দে।
সংস্থার তহবিলের ২০০ কোটিরও বেশি টাকা দফায় দফায় বিভিন্ন ব্যাংকে স্থানান্তর ও গত তিন বছরে এই তহবিলের অর্থ ব্যয়সম্পর্কিত অনিয়ম তদন্তে নিরীক্ষা কমিটি গঠন করার দাবি জানিয়ে বক্তারা বলেছেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে শিগগিরি শ্বেতপত্রের মাধ্যমে সংস্থার সদ্য-অপসারিত বিতর্কিত চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার ও তার সহযোগীদের নাম প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে আরো যে দাবি জানানো হয় সেগুলো হলো- অগ্রাধিকারভিত্তিতে মংলা-ঘষিয়াখালী নৌপথ খনন ও মংলা-ঘষিয়াখালীসহ গুরুত্বপূর্ণ সকল নৌপথ খননে অনিয়ম-দুর্নীতি বন্ধে বিশেষজ্ঞ পর্যবেক্ষক নিয়োগ, বৃহৎ প্রকল্পগুলোর কার্যাদেশ প্রদানে অনিয়ম খতিয়ে দেখতে দরপত্র মূল্যায়ন কমিটিগুলোর মতামত পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয় সচিব-পর্যায়ের কমিটি গঠন, হাইকোর্টের রায় ও নদীবিষয়ক আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্সের সিদ্ধান্ত লঙ্ঘন করে বিভিন্ন নদীতীর ইজারা দেয়ায় সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ, ঢাকার চার পাশের নদীগুলোসহ দেশের সব নদীর তীরভূমির ইজারা বাতিল ও নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গ্রিন ক্লাব অব বাংলাদেশের (জিসিবি) সভাপতি নুরুর রহমান সেলিম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. আব্দুর রহিম, জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ম. ইনামুল হক, বাংলাদেশ যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি তুষার রেহমান ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তাসনীম রানা, সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলনের সদস্য সচিব মশিউর রহমান রুবেল, পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব হাজী মোহাম্মদ শহীদ, সিপিবি নেতা সেকেন্দার হায়াত, নদী রক্ষা শপথের (নরশ) আহ্বায়ক জসী সিকদার, পিসের মহাসচিব ইফমা হুসেইন ও নিরাপদ সড়কপথ আন্দোলনের আহ্বায়ক শহীদুল ইসলাম প্রমুখ।