দেশের স্টার্টআপ কম্পানিগুলোকে বিদেশে বিনিয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৭ মার্চ) এসংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশের স্টার্টআপ ব্যবসা প্রতিষ্ঠান ১০ হাজার ইউএস ডলার বা সমতুল্য বৈদেশিক মুদ্রা বিদেশে একটি মাত্র কম্পানি গঠনের জন্য পাঠাতে পারবে। এ অনুমতি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর অধীনে দেওয়া হয়েছে। নিবাসী প্রতিষ্ঠানগুলো এখন থেকে ব্যাংকে আবেদন করে বিদেশে কম্পানি প্রতিষ্ঠার জন্য রেমিট্যান্স পাঠাতে পারবে। পরিপত্রে বলা হয়, ব্যক্তি পর্যায়ে বাংলাদেশি নাগরিকদের একই পদ্ধতিতে বিদেশে কম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে, আবেদনকারীদের উদ্ভাবনী ধারণা থাকতে হবে, যা বিদেশে ব্যবসা সম্প্রসারণসহ পরবর্তীতে বাংলাদেশে বিনিয়োগ ও আয় নিয়ে আসার সুযোগ সৃষ্টি করবে।
ছোট আকারের বিনিয়োগের পাশাপাশি নিবাসী কম্পানিগুলোকে তাদের নিজস্ব শেয়ার বা সিকিউরিটিজের সঙ্গে বিদেশি কম্পানির শেয়ার সোয়াপের মাধ্যমে বিদেশে বিনিয়োগ সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ পদ্ধতিতে বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে নগদ অর্থের প্রয়োজন হবে না। এ পদ্ধতিতে বিদেশে বিনিয়োগ প্রস্তাবনা বিবেচনায় ক্ষেত্রে শেয়ার বা সিকিউরিটিজের সোয়াপ অনুপাত সারা বিশ্বে উত্তম চর্চার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।

