নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেধে দেওয়া ৭২ ঘণ্টা সময়ের আগেই বাংলাদেশ ছেড়েছেন শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ ‘আটক’ উত্তর কোরিয়ার সেই কূটনীতিক।
সোমবার (০৯ মার্চ) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। রোববার রাতে তিনি ঢাকা ত্যাগ করেন বলে সূত্র জানায়।
এর আগে বৃহস্পতিবার (০৫ মার্চ) রাতে উত্তর কোরিয়ার দূতাবাসের ফার্স্ট ইকোনোমিক ফর কমার্শিয়াল সেক্রেটারি সন ইয়ং ন্যামের লাগেজ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়।
পরে ঢাকায় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে তলব করে ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ছাড়ার আল্টিমেটাম দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ৭২ ঘণ্টা সোমবার সকাল থেকে শুরু হেয়েছে।
যদিও এই আল্টিমেটাম শুরু হওয়ার আগে রোববার রাতেই তাকে দেশে পাঠিয়ে দেয় উত্তর কোরিয়ান দূতাবাস।
রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে তলব করে ‘নিজ দেশে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে’ তা বাংলাদেশ জানানোর জন্যও বলা হয়েছে।
প্রসঙ্গত, ভিয়েনা কনভেনশন অনুযায়ী বেআইনী কর্মকাণ্ডের জন্য কোনো কূটনীতিকের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা যায় না। তবে দোষী দেশের সরকার যদি কূটনীতিক পদ থেকে অব্যাহতি দেয় তবে আদালতে তার বিরুদ্ধে মামলা করা যায়।

