পর্যটন নগরী কক্সবাজার জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ সাইফউদ্দিন শাহীনের সাথে কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবাগত পুলিশ সুপারের যোগদান উপলক্ষে কক্সবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সোমবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতেই নবাগত পুলিশ সুপার মোঃ সাইফউদ্দিন শাহীন আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কর্মজীবনে প্রথম কর্মস্থল হিসেবে কক্সবাজারের স্মৃতিচারণা করেন। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপারের প্রতি কক্সবাজারবাসীর আকাঙ্ক্ষা জানতে চান। উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে পর্যটন-নগরী হিসেবে কক্সবাজার জেলা সমসাময়িক সমস্যা ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধগুলো তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে সমস্যাগুলো নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে তিনি কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ কক্সবাজার জেলাকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দীন চৌধুরী (পিপিএম-সেবা), কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার সাবেক সভাপতি কামাল হোসেন আজাদ, বর্তমান সভাপতি নুরুল আমিন হেলালীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এই সময় সাংবাদিকরাও নিজ নিজ অবস্থান থেকে কক্সবাজারের সকল অপকর্ম প্রতিরোধে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

