জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (৩ মার্চ) ২৪ ঘণ্টায় মহানগরীর ৫০টি থানা এলাকায় ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। টহল টিমগুলোর মধ্যে মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও হোন্ডা পেট্রোল টিম ছিল। এছাড়া, সিটিটিসি, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) ও র্যাবের টহল টিম এবং এপিবিএনের ২০টি চেকপোস্ট অভিযান চালায়। অভিযানে ১১ জন ডাকাত, ৩৩ জন ছিনতাইকারী, ৫ জন চাঁদাবাজ, ৯ জন চোর, ২৮ জন মাদক কারবারি, ১৭ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে সাতটি চাকু, চাপাতি, চাইনিজ কুড়াল, ছোরা, রড, বাঁশের লাঠি, মোবাইল ফোন, মোটরসাইকেল ও টমটম। এছাড়া, ১৬ কেজি ৫৩০ গ্রাম গাঁজা, ২,৪৪৯ পিস ইয়াবা ও আট লিটার মদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

