নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে বাসেল-৩ বাস্তবায়ন সংক্রান্ত এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ব্যাংকের মোহাম্মদ ইউনুছ অডিটোরিয়ামে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট উইং প্রধান মো. আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক চৌধুরী মো. ফিরোজ বিন আলম ও যুগ্ম পরিচালক দিপ্তি রাণী হাজরা বাসেল-৩ ও বাসেল-২ সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ, মো. মাহবুব-উল-আলমসহ উর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপি এ অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়, বিভিন্ন জোন ও শাখার নির্বাহীরা অংশগ্রহণ করেন।
মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাসেল নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকিং খাতে জবাবদিহিতা, শৃঙ্খলা ও আস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ইসলামী ব্যাংকের দায়বদ্ধতা সকল মানুষের প্রতি। বাসেল নীতিমালা বাস্তবায়নে এ ব্যাংক নিয়মিতভাবে পারঙ্গমতার পরিচয় দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

