স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মিয়া। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এলজিইডির প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব অর্পণ করা হয়। নব নিযুক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া এর আগে মানব সম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটে কর্মরত ছিলেন। প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া ১৯৮৯ সালের ৪ নভেম্বর এলজিইডিতে যোগদান করেন। উপজেলা প্রকৌশলী হিসেবে তিনি নওগাঁর সাপাহার, পাবনার চাটমোহর, নাটোর সদর উপজেলায় কর্মরত ছিলেন। এরপর তিনি নাটোর, নওগাঁ এবং সিরাজগঞ্জ এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে পদোন্নতি পেয়ে তিনি এলজিইডির প্রধান কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া নির্বাহী প্রকৌশলী হিসেবে কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলা এলজিইডিতে কর্মরত ছিলেন। সিরাজগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালনকালে তাকে উপ-প্রকল্প পরিচালক হিসেবে ঢাকা সিটি করপোরশনের পরিচ্ছন্নতা কর্মীদের বাসস্থান নির্মাণের জন্য একটি প্রকল্পে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। এরপর তিনি এলজিইডির প্রকল্প পরিচালক, সহকারী প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) হিসেবে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি মানব সম্পদ, মান নিয়ন্ত্রণ ও জেন্ডার ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত কর্মরত ছিলেন। প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া ২০২২ সালের ২৪ এপ্রিল অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। এরপর তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে মানব সম্পদ, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটে কর্মরত ছিলেন। আব্দুর রশীদ মিয়া ১৯৬৬ সালের ১ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া স্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানের উপর মাস্টার্স ডিগ্রী লাভ করেন। এছাড়া তিনি দেশ-বিদেশ থেকে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞানার্জন করেন। নব নিযুক্ত প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া একজন মিষ্টভাষী, বিনয়ী ও নিরহঙ্কারী ব্যক্তিত্বের অধিকারী। প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ অবসরে যাওয়ার পর কয়েক দিন ধরেই এলজিইডির প্রধান প্রকৌশলীর পদটি শূণ্য থাকায় অন্যান্য প্রকৌশলীদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়াকে প্রধান প্রকৌশলী হিসেবে (চলতি দায়িত্ব) নিয়োগ দেওয়ায় এর অবসান হয়েছে। এদিকে অতিরক্ত প্রকৌশলী আব্দুর রশীদ মিয়াকে এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক আমার জন্মভূমির ভারপ্রাপ্ত সম্পাদক তালুকদার রুমী।

