নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের ৪৩ বছর পর ঐতিহাসিক ‘ব্লাড টেলিগ্রাম’ বাংলাদেশের কাছে হস্তান্তর করলো যুক্তরাষ্ট্র। মুক্তিযুদ্ধের এ ঐতিহাসিক দলিল এতোদিন তাদের হাতে ছিল।
রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে এ টেলিগ্রাম হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
এসময় তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ জাদুঘরকে একটি অমূল্য উপহার দিচ্ছি। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মার্কিন নীতির বর্হিভূত ছিল। তবে কূটনীতিকরা বাংলাদেশের পক্ষে শক্তভাবে অবস্থান নিয়ে স্বাধীনতাকে সমর্থন করেন। এটি একটি ঐতিহাসিক দলিল।’
উল্লেখ্য, আর্চার কেন্ট ব্লাড (১৯২৩-২০০৪) ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন কূটনীতিক ছিলেন। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কনসাল জেনারেল নিযুক্ত হয়েছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সরকারকে তৎকালীন চলমান নৃশংসতা বন্ধে ব্যর্থ হওয়ায় কঠোর ভাষায় একটি টেলিগ্রাম বার্তা পাঠিয়েছিলেন তিনি। তার সেই বিখ্যাত বার্তা ‘ব্লাড টেলিগ্রাম’ নামে পরিচিত।

