আন্তর্জাতিক ডেস্ক : কট্টর ইসলামপন্থীরা যাতে নজরদারি ছাড়া শিশুদের সাথে কাজ করতে না পারে সেজন্যে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে ব্রিটিশ সরকার। সন্ত্রাসবাদ দমনে সরকার একের পর এক যেসব উদ্যোগ নিচ্ছে তার একটি হচ্ছে সর্বশেষ এই কৌশলের খসড়া।
যুক্তরাষ্ট্রের দৈনিক সানডে টেলিগ্রাফ এ সংক্রান্ত একটি নথির খসড়া ফাঁস করেছে।
ফাঁস হওয়া ওই নথিতে বলা হয়, যাদের উগ্রপন্থি হয়ে যাওয়ার ঝুঁকি আছে তাদের শনাক্ত করতে কর্মক্ষেত্রে লোকবল নিয়োগের প্রয়োজন হতে পারে। নতুন বাসিন্দারা যাতে ‘ ব্রিটিশ মূল্যবোধ’ গ্রহণ করে সেজন্য ব্রিটিশ নাগরিকত্ব আইনও কঠোর করার চিন্তাভাবনা চলছে।
গত মাসে ইসলামিক স্টেটের সাথে যোগ দেওয়ার জন্যে পূর্ব লন্ডন থেকে তিনজন কিশোরী সিরিয়ায় চলে যাওয়ার পর সরকার উগ্রপন্থা সামাল দিতে এসব ব্যবস্থা নিচ্ছে বলে সানডে টেলিগ্রাফ জানিয়েছে।
তবে বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বে ক্ষমতাসীন জোট সরকার এখনও এই খসড়াটি অনুমোদন করেনি।

