সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি ও একাডেমিয়ার একটি চুক্তি সই করেছে। চুক্তিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই অংশীদারিত্ব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য উদ্ভাবনী আর্থিক সেবা প্রদান করার সাউথইস্ট ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং একাডেমিয়ার ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ কুতুব উদ্দিন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। এই চুক্তির অধীনে সাউথইস্ট ব্যাংক, একাডেমিয়াকে বিভিন্ন আর্থিক পরিষেবা প্রদান করবে, যার মধ্যে রয়েছে বিস্তৃত শিক্ষা ব্যবস্থাপনা প্লার্টফর্ম সাউথইস্ট-এডুফিন, যা টিউশন ফি সংগ্রহ, পে-রোল ব্যাংকিং এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কুল ব্যাংকিং প্রোগ্রাম ‘তারকা’ কে আরো সহজ করবে। এছাড়াও, একাডেমিয়া কর্পোরেট পেমেন্ট মডিউল সিস্টেম ব্যবহার করে সহজেই ভেন্ডর পেমেন্ট এবং তহবিল স্থানান্তর করতে পারবে। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বলেন, এই অংশীদারিত্ব আমাদের আর্থিক উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের শিক্ষা খাতকে উন্নত করতে আমাদের প্রতিশ্রুতি পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই চুক্তির মাধ্যমে একাডেমিয়া তাদের পরিচালন ব্যবস্থা সহজতর করতে পারবে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আরও উন্নত, প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে সক্ষম হবে। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবিদুর রহমান চৌধুরী এবং মাছুম উদ্দিন খান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

