সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন অনেক বাস চালকরা। ফলে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীচাপ বেড়েছে বাসে। আর এ সুযোগে ২ থেকে ৩ গুণ পর্যন্ত বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন ময়মনসিংহের অনেক চালকরা। অফিস আদালত খোলা থাকায় বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় ও বাইপাস মোড়ে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। অনেকে বাসের সিট না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছেন গন্তব্যে। আবার অনেকে গাড়ির সিট না পেয়ে অন্য গাড়ির জন্য অপেক্ষা করছেন। অন্যান্য দিনের চেয়ে যাত্রী বেড়েছে কয়েকগুণ। যাত্রীরা বলেন, স্টেশনে গিয়ে দেখি ট্রেন চলাচল বন্ধ, এসে দেখি আজ বাসগুলো ৪০০-৫০০ টাকা ভাড়া চাচ্ছে। যেহেতু রাস্তায় যাত্রী বেশি তাই অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে যেতে হবে। বাসের কন্ডাক্টর অন্যান্য দিনের চেয়ে ২০০-৩০০ টাকা বেশি ভাড়া নিচ্ছে। অনেক চালক ভাড়া বেশি নেয়ার কথা স্বীকার করলেও ইসলাম পরিবহনের একজন চালক বলেন, অনেকে দামাদামি করে ভাড়া বেশি নিচ্ছে। তবে আমি ভাড়া বেশি নিচ্ছি না। ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সম্পাদক খোরশেদ আলম বলেন, ট্রেন বন্ধের অজুহাতে কোনো বাসচালক অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না। অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা খোঁজখবর নেওয়া হবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে থাকলে তাকে জবাবদিহিতার আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

