সিলেট প্রতিনিধি : মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও প্রগতিশীল লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে সন্দেহভাজন জড়িতদের অন্যতম শফিউর রহমান ফারাবীর ভাড়া বাসায় তল্লাশি করেছে ডিবি পুলিশ।
রোববার দুপুর ১২টার দিকে সিলেট নগরীর মুন্সিপাড়া ডি/১৬ নং বাসার তৃতীয় তলায় তারা তল্লাশি চালায়। এ সময় ওই বাসাটি তলাবদ্ধ ছিল। তবে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপের সিপিইউ এবং বেশকিছু কাগজপত্র জব্দ করেছে বলে জানা গেছে।
তল্লাশি করা ওই বাসার মালিক মুজিবুর রহমান বলে জানা গেছে। মুজিবের বাড়িতে ফারাবী তার মা ও বোনকে নিয়ে বসবাস করতেন।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অভিযানের বিষয়ে আমি কিছু বলতে পারবো না।’
তবে কোতোয়ালী থানার এসআই ফয়েজ বলেন, ‘ঢাকা থেকে ডিবি পুলিশের তিন সদস্যের একটি টিম নগরীর একটি বাসায় অভিযান করেছে। তাদের সহায়তা করেছি আমরা। তবে অভিযানের ব্যাপারে কিছু বলতে পারবো না।’
প্রসঙ্গত, গত সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফরাবীকে গ্রেপ্তার করে র্যাব। পরে আনুষ্ঠানিকভাবে মামলার তদন্ত কর্তৃপক্ষ- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে তাকে হস্তান্তর করা হয়। এ ঘটনার ছায়া তদন্ত করছে র্যাব।

