ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৬ বছর (২০০৮ থেকে ২০২৪) গণহত্যার হুকুমদাতা ছিলেন। গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে শহীদ জিয়া গবেষণা পরিষদের উদ্যোগে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। এ সময় ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, যেকোন আন্দোলন বল প্রয়োগে দমন করায় নেশা হয়ে উঠেছিলো শেখ হাসিনা সরকারের। শুধু ছাত্র আন্দোলনই নয়, গত ১৬ বছরে দফায় দফায় গণহত্যা চালিয়ে ক্ষমতার মসনদ দখলে রেখেছিলো ফ্যাসিস্ট হাসিনা। আর তার এই অবৈধ কাজে অতি উৎসাহী ভুমিকা পালন করেছিলো পুলিশ। তবে জুলাই বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থানে তাসের ঘরের মতো ভেঙ্গে গেছে শেখ হাসিনার সব অহমিকা। সাবেক রাষ্ট্রদূত আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে গেছেন। অল্পদিনের মধ্যেই তার গঠিত দল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। শহীদ জিয়াকে নিয়ে আরো বেশি বেশি গবেষণা করার জন্য শহীদ জিয়া গবেষণা পরিষদকে আহ্বান জানান। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তা বাস্তবায়ন হয়নি। আমি এই মঞ্চে ঘোষণা দিচ্ছি বিএনপি আগামী নির্বাচনে আবারও ক্ষমতায় আসবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। সভাপতির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন, আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের উপর অমানবিক নির্যাতন করা হয়েছিল, তা আপনারা দেখেছেন। কিভাবে আমাদের নেতাকর্মী এবং দলীয় সকল স্তরে যে নির্যাতন করা হয়েছিল, নির্যাতনকারীর বিচার এই বাংলার মাটিতে হবে। তিনি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে একযোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মুকিত খান জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ, সাবেক ছাত্রনেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের পৃষ্ঠপোষক মো. মিজানুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাড. গাজী তৌহিদুল ইসলাম, দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুক্তরাজ্য শাখার সদস্য সচিব অঞ্জনা আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রহুল আমিন, সাবেক ছাত্রনেতা হাজী মোঃ আকতারুজ্জামান, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুন, শহীদ জিয়া গবেষণা পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি এ্যাড. আব্দুল মালেক তালুকদার, জিয়া সমগ্র বইয়ের সম্পাদক গোলাম কাদের, দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক জহিরুল ইসলাম, জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ বেলাল আহমেদ, মশিউর রহমান, সহ-সভাপতি মাহফুজুর রহমান সবুজ, বাউফল যুবদল নেতা মৃধা তারেক রহমান প্রমূখ।

