আন্তর্জাতিক ডেস্ক : সীমানা পেরিয়ে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করলেই ভারতীয় জেলেদের গুলি করে মারার হুমকি দিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে। শুক্রবার তামিল থানথি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বিক্রমাসিংহ এমন সময় এ মন্তব্য করলেন যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি নিচ্ছেন।
বিক্রমসিংহে বলেন, ‘ কেউ যদি আমার বাড়িতে জোর করে প্রবেশের চেষ্টা করে, আমি গুলি করতে পারি। যদি সে মারা যায়…. আইন আমাকে তা করতে অনুমতি দিয়েছে।’
ভারতীয় জেলেদের উদ্দেশে তিনি বলেন, ‘ তুমি কে যে আমার জলসীমানায় ঢুকবে? ভারতের দিকেই থাকো। তাহলে কোনও ঝামেলা হবে না।’
সম্প্রতি তামিলনাড়ুর এক মৎসজীবী শ্রীলঙ্কার জলসীমানায় ঢুকে পড়ায় গুলি করে সে দেশের নৌবাহিনী। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নৌবাহিনীকে নৈতিক সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতীয় মৎসজীবীদের সে দেশের সীমানার অন্দরেই থাকা উচিত।’
প্রধানমন্ত্রী জানান, মাছ ধরার অধিকারকে সম্মান জানিয়ে তার সরকার ভারতের সঙ্গে একটি যৌক্তিক চুক্তি করার চেষ্টা করছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় শ্রীলঙ্কান প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে। মন্ত্রনালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দীন বলেন, কূটনৈতিক শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই ঘটনার তদন্ত শেষ করতে হবে।

