আন্তর্জাতিক ডেস্ক : মালির রাজধানী বামাকোয় এক নৈশ-ক্লাবে ঘটে গেছে ভয়াবহ হামলার ঘটনা। অজ্ঞাত হামলাকারীদদের মেশিনগান ও গ্রেনেডযোগে আক্রমণের মুখে নিহত হয়েছেন চার ব্যক্তি।
জানা যায়, ঐ নৈশ-ক্লাবে নিহতদের দুজন মালির নাগরিক ও একজন ফরাসী। অবশিষ্ট একজনকে বেলজিয়ামের নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে, নিশ্চিতভাবে জানা যায়নি।
উল্লেখ্য, ‘বেলজিয়ামের নাগরিক’ ঐ ব্যক্তি নৈশ-ক্লাবের নিকটবর্তী রাস্তায় নিজ গাড়িতে গ্রেনেড-হামলা শিকার হন, ঘটনাস্থলেই নিহত হন।
এতে ধর্মীয় উগ্রপন্থীদের হাত আছে বলে ধারণা করা হচ্ছে। কেননা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলা চালানোর পর চারজন অজ্ঞাতকে ‘আল্লাহ মহান’ বলতে-বলতে দ্রুত একটি মটরবাইকে চড়ে ছুটে যেতে দেখা গেছে।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য, ধর্মীয় উগ্রপন্থী একটি দলের সঙ্গে বছরাধিকাল ধরে লড়ছে দেশটির সেনাবাহিনী।
বেলজিয়ামের নিরাপত্তাবাহিনী-সূত্র জানিয়েছে এ ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে দেশটিতে দায়িত্বরত ফরাসী সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায়। নিহতদের একজনকে ফরাসী হিসেবে নিশ্চিত করে তারা।
জানা গেছে যে দুজন মালির নাগরিক নিহত হয়েছেন, তাদের একজন পুলিশ-কর্মকর্তা, অপরজন নৈশ-ক্লাবের নিরাপত্তা প্রহরী।
রাজধানী বামাকোয় ফ্রান্সসহ একাধিক আফ্রিকীয় দেশের সেনাবাহিনী দায়িত্বরত আছে। ২০১৩ সালের জানুয়ারি থেকে আল-কায়েদা তৎপরতা প্রতিহত করতে তাদের নিয়োগ দেয়া হয়েছে বলে জানা যায়।
জানা যায়, উগ্রপন্থীদের দেশটির উত্তরাংশ থেকে অনেকটাই ‘বিতাড়িত’ করা সম্ভব হয়েছে। কিন্তু এখনও বিচ্ছিন্নতাবাদী যাযাবর গোষ্ঠী তুয়ারেগ এবং ধর্মীয় অপরাপর বাহিনীকে ঝটিকা অপতৎপরতা চালাতে দেখা যায়।

