আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার মার্কিন নাগরিক ক্রিস্টোফার করনেল (২০) বলেছেন, গ্রেপ্তার না হলে তিনি প্রেসিডেন্ট বারাক ওবামাকে মাথায় গুলি করে হত্যা করতেন।
ওহিওর বাসিন্দা ক্রিস্টোফার শুক্রবার জেল থেকে টেলিফোনে বেসরকারি টিভি চ্যানেল ফক্স ১৯ ডব্লিউএক্সআইএক্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, গত জানুয়ারিতে এফবিআইয়ের হাতে গ্রেপ্তার না হলে তিনি ক্যাপিটল হিলে ও ইসরায়েলি দূতাবাসে পাইপ বোমা হামলা চালাতেন।
তিনি বলেন, ‘ আমি আমার পিস্তলটি উঠিয়ে নিতাম, এটি বারাক ওবামার মাথায় তাক করে ট্রিগার চেপে দিতাম।’
ক্রিস্টোফার করনেল বলেন, ‘এরপর আমি সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যদের ওপর গুলিবর্ষণ করতাম এবং আমি ইসরায়েলি দূতাবাস ও অন্যান্য ভবন যেখানে কাফেররা রয়েছে, যারা আমাদের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে ও রক্তস্রোত সৃষ্টি করছে। আর এটাই হতে পারতো।’
এফবিআইয়ের দেওয়া তথ্যমতে, ক্যাপিটল হিলে পাইপ বোমা স্থাপন ও হামলার উদ্দেশ্যে ওহিওর একটি অস্ত্রের দোকান থেকে রাইফেল ও গোলাবারুদ কেনার সময় ক্রিস্টোফার করনেলকে গ্রেপ্তার করা হয়। এই অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ওয়াশিংটনে যাওয়ার পরিকল্পনা ছিল তার। সরকারি কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা এবং অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ কিনে আইনশৃঙ্খলার প্রতি হুমকি সৃষ্টির অপরাধে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে।
করনেল বলেন, ‘বিদেশি ভাইদের’ আদেশ পেয়েছিলাম আমি। কারণ আমি ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত। সিরিয়া ও ইরাকে থাকা ‘ভাইয়েরা’ পশ্চিমা দেশগুলোতে জিহাদি কার্যক্রম ছড়িয়ে দিতে আমাকে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছিলেন। আমি সেই অনুযায়ীই কাজ করছিলাম।’

