বিএনপির কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির দলের চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা শুধু আনন্দিত নই, অনেক বেশি শক্তিশালী হলাম। মাওলানা ভাসানের সঙ্গে কাজ করেছেন এমন একজন নেতার উপস্থিতি বিএনপিকে আরো শক্তিশালী করবে। মঙ্গলবার ১৭ বছর পর আব্দুস সালাম পিন্টু’র কারামুক্তির পর তাকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, কি দুর্ভাগ্য একজন আইনজ্ঞ, একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রী তার বিরুদ্ধে জঙ্গি মামলা দেয়া হয়েছে। রিজভী সাহেব এবং আমাদের বিরুদ্ধে অস্ত্র মামলাও দেয়া হয়েছে। একটি ফ্যাসিস্ট সরকার এমনই করে, কিন্তু ইতিহাস সাক্ষী তারা সব সময় পালিয়ে যায়, আর সালাম পিন্টুর মতো মানুষেরা মুক্ত হয়। তিনি বলেন, এই মুক্ত বাংলাদেশে মুক্ত পিন্টুদের মাধ্যমে আগামী দিনে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলবো। যে বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। যে বাংলাদেশের জন্য শহীদ জিয়া ৭ই নভেম্বর দেশের দায়িত্ব নিয়েছিলেন। যে বাংলাদেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নয়নের রাজনীতি করেছেন। এক প্রশ্নের জবাবে নজরুল বলেন, ভারত নিজেদেরকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ দাবি করে। আমরা আশা করব, একজন অপরাধীকে সঙ্গ দেয়ার জন্য, তার পক্ষ নেয়ার জন্য ভারত এমন কিছু কাজ করবে না, যাতে গণতান্ত্রিক চরিত্র ও গণতান্ত্রিক যে পরিচিত তা নষ্ট হয়। এ সময় সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষিবিদ শামিমুর রহমান শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

