নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মাধ্যমে মুক্তিকামী বাঙালি দিক নির্দেশনা পেয়েছিল। ভবিষ্যৎ কর্তব্য সম্পর্কে অবহিত হয়েছিল। বাঙালি জাতীয়তাবাদী শক্তি জাতীয় চেতনায় পরিণত হয়েছিল সেদিন।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. এস এম মালেক। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এস এম মালেক ওই সভার সভাপতি ছিলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী আখ্যায়িত করে তিনি বলেন, ‘খালেদা জিয়া জনগণের ম্যান্ডেট না পেয়ে জনগণের বিরুদ্ধে আন্দোলন করে জনগণকেই পুড়িয়ে মারছেন। এতে জনগণ থেকে ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন খালেদা জিয়া।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মশিউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক অরুণ কুমার গোস্বামী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেখ মীজানুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশরাফুল আলম প্রমুখ।

