কমিশন দুর্নীতি মুক্ত কি না তা প্রকাশ্যে থাকা উচিত বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের নতুন কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। তিনি বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে কাজ করি। আমরা দুর্নীতি মুক্ত কিনা আদৌও সেটা প্রকাশ্যে থাকা উচিত। দেশবাসীর জানা উচিত আমাদের সম্পদ কি ছিল, যখন কমিশন ছেড়ে চলে যাব তখন কি আছে। দুদকের চেয়ারম্যান ও কমিশনারের মত তিনিও আগামী সাত দিনের মধ্যে নিজের স্থাবর-অস্থাবর সম্পদ ও আয়-ব্যয়ের হিসাব জমা দেবেন বলে জানিয়েছেন। রোববার দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় যোগদান করতে এসে এসব কথা বলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ । তিনি বলেন, যে আস্থা ও নির্ভরযোগ্যতা নিয়ে আমাকে নিয়োগ দেয়া হয়েছে,সেটা আমার কাছে পবিত্র আমানত। এই আমানতের সঙ্গে মিশে আছে আগস্ট-জুলাই মাসের মহা বিপ্লবের বিপ্লবী ছাত্র-জনতার আশা আকাঙ্ক্ষা,সংগ্রাম স্বপ্ন সবকিছু। এই আমানত রঞ্জিত হয়ে আছে আমাদের বিপ্লবী শহীদ ছাত্র-জনতার এবং বাচ্চাদের রক্তে। আমার আপ্রাণ চেষ্টা থাকবে এই আমানত রক্ষার জন্য। এর আগে গত বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কাজে যোগদান করেছিলেন নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও কমিশনার (তদন্ত) অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিদেশ অবস্থান করায় সেদিন দুদকে যোগদান করেননি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

