আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১০ মার্চ থেকে শ্রীলঙ্কাসহ তিনটি দেশে সফর করবেন বলে জানা গেছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আগামী ১০-১৫ মার্চ সিসিলি, মরিসাস এবং শ্রীলঙ্কা সফর করবেন মোদি। এর আগে ভারতের প্রধানমন্ত্রী মার্চ মাসে মালদ্বীপ সফরে যাবেন বলে শোনা গিয়েছিল। তবে এ সফরের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিসিলি সফরের মধ্য দিয়ে ৫ দিনের এই বিদেশ সফর শুরু করতে যাচ্ছেন মোদি। ১১ মার্চ সিসিলি সফরকালে সে দেশের প্রেসিডেন্ট জেমস আলেক্সিস মাইকেলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির বিষয় নিয়ে আলাপ করবেন মোদি। ১১ থেকে ১২ মার্চ মরিসাস সফর করার কথা রয়েছে তার। এ সফরে মরিসাসের প্রধানমন্ত্রী স্যার আনেরউড জুগনাউথের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে আলাপ করবেন মোদি। এছাড়া মরিসাসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।
আগামী ১৩ মার্চ থেকে ১৪ মার্চ শ্রীলঙ্কা সফরে করবেন মোদি। দু দিনের এ সফরে তার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এবং উর্ধ্বতন অন্য নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

