বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি ২০২৪ বি এবং এসপিএসএসসি ২০২৪ বি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি গ্রাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজও বিতরণ করেন। এবার ৮৫ তম বাফা কোর্সের প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বে জন্য সোর্ড অব অনার পেয়েছেন অফিসার ক্যাডেট জান্নাতুল ফেরদৌস মোহনা। এছাড়া উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি পেয়েছেন অফিসার ক্যাডেট মোহাম্মদ রহমাতুল্লাহ শিশির এবং জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য কমান্ড্যান্টস ট্রফি লাভ করেছেন অফিসার ক্যাডেট ফাহিম মোর্শেদ রাতুল। পদক বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, বর্তমান সরকার বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ইতিমধ্যে বিমান বাহিনীতে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান, সুপরিসর পরিবহণ বিমান, আধুনিক হেলিকপ্টার, বিভিন্ন ধরণের উচ্চ ক্ষমতাসম্পন্ন আকাশ প্রতিরক্ষা রাডার, ভুমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপনাস্ত্র ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংযুক্ত হয়েছে। বৈমানিকদের প্রশিক্ষণে আধুনিক সরঞ্জাম সংযুক্ত হওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ বিমান বাহিনী আজ সুসংগঠিত পেশাদার বাহিনী রূপে আত্মপ্রকাশ করেছে।

