আর্মি এভিয়েশন গ্রুপের অধীন এভিয়েশন স্কুলের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এভিয়েশন বেসিক কোর্স-১৩ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসে আর্মি এভিয়েশনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন বৈমানিকদের সার্টিফিকেট প্রদান করেন এবং ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।‘গতি ও নিপুণতা’ এই মূলমন্ত্রে দীক্ষিত সেনাবাহিনীর একমাত্র উড্ডয়ন প্রতিষ্ঠান আর্মি এভিয়েশন গ্রুপ ১৯৭৮ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে তরুণ সামরিক এবং পুলিশ কর্মকর্তাদের উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৬ জুলাই থেকে শুরু হওয়া এই কোর্সে সেনাবাহিনীর ১৮ জন, নৌবাহিনীর চার জন ও বাংলাদেশ পুলিশের দুইজনসহ সর্বমোট ২৪ জন তরুণ কর্মকর্তা অংশগ্রহণ করেন। এই কোর্সে প্রশিক্ষণার্থীদের মধ্যে ফিক্সিড উইং এ পি.নং-৩৫১৬ লে. আদনান রাকিব, (এক্স), বিএন; রোটারি উইং এ বিএ-১০১৮৫ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল হাসিব, এসি এবং ইউএভি রেজিমেন্ট এ বিএ-১০০৯৫ ক্যাপ্টেন মো. ফাহিম-আল-জামান, ইএমই শ্রেষ্ঠ বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ; কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ; প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ; কোয়ার্টার মাস্টার জেনারেল; বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এবং সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য গণ্যমান্য বেসামরিক অতিথি এবং গণমাধ্যম ব্যক্তিরা ছিলেন। বাংলাদেশ পুলিশের দুই নবীন অফিসার সাফল্যের সাথে ‘এভিয়েশন বেসিক কোর্স-১৩’ সম্পন্ন করেছেন। তারা হলেন এএসপি মো. মোহাইমিনুল হক ও এএসপি এইচ এম গোলাম রাব্বি। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে আজ বুধবার সকালে আর্মি এভিয়েশন স্কুলে নবীন বৈমানিকদের সার্টিফিকেট প্রদান করেন ও ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অনুষ্ঠানে ছিলেন।

