ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৬ জন। চলতি বছর প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে ৫২৯ জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ২২৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৭ জনের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনজন, ময়মনসিংহের একজন ও রাজশাহীর একজন রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩১, চট্টগ্রাম বিভাগে ৬৭, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬, ঢাকা উত্তর সিটিতে ৯৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০, খুলনায় ৭২, রাজশাহীতে ৩২, ময়মনসিংহে ২০, রংপুরে ৮ এবং সিলেটে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৬ হাজার ২২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। একই সময়ে ৫২৯ জন মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ৫১ দশমিক ৬০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৪০ শতাংশ পুরুষ।

