ঢাকাThursday , 5 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Link Copied!

বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । বৃহস্পতিবার সকালে রাজধানীর পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪’ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় ভুল করে বাংলাদেশের নাম বলে ফেলেছেন। আমার তো মনে হয় উনার দেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য মোতায়েন করা প্রয়োজন। কেননা আপনারা দেখেছেন সেখানে সংখ্যালঘুদের ওপর কীভাবে নির্যাতন করা হচ্ছে।’ সীমান্ত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সীমান্তে উত্তেজনা নেই। সীমান্ত অন্যান্য সময়ের মতো স্বাভাবিক অবস্থায় আছে। তবে ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে।’ এজন্য তিনি বাংলাদেশের মিডিয়াগুলোকে সত্য খবর প্রকাশ করে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জবাব দেয়ার অনুরোধ জানান। তিনি বলেন, ‘একটা দেশ অন্য দেশ নিয়ে কতটা নগ্ন ও মিথ্যা তথ্য প্রচার করতে পারে ভারতীয় মিডিয়া এর উদাহরণ। আমরা যারা এই দেশে আছি সবাই একসঙ্গে এর প্রতিবাদ করবো।’ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ভারত ইস্যুতে কোনো উদ্বেগজনক আশঙ্কা নেই। তারা যা করছে আপনারা এর প্রতিবাদ করবেন এবং সত্যি ঘটনা প্রকাশ করবেন, সেই সময় ওদের মুখে চুলকানি পড়বে।’ সকল রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। বিষয়টি কি ইতিবাচক প্রভাব ফেলবে? জানতে চাইলে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ‘আমরা যখন সবাই একসঙ্গে হবো তখন অবশ্যই ইতিবাচক প্রভাব হবে। এতে করে আমরা সবাই একসঙ্গে কাজ করবো এবং প্রতিবাদ করতে পারবো। এটা খুবই ভালো দিক।’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সারা দেশে ৬২ হাজার ভলান্টিয়ার তৈরির লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে তারা ৫৫ হাজারের অধিক ভলান্টিয়ারকে প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে।’ তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের পক্ষে এককভাবে বন্যা, ভূমিকম্প ইত্যাদি দুর্যোগ মোকাবিলা করা দুরূহ। এক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তাদের উপযুক্ত করে গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশেষ করে ভূমিকম্পের ন্যায় ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় সকল স্তরে স্বেচ্ছাসেবক এবং তাদের প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।