চট্টগ্রাম প্রতিনিধি : হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় সিএনজি অটোরিকশায় হরতালকারীদের ছোঁড়া পেট্রোলবোমায় চালক ও যাত্রী দগ্ধের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্যসহ বিএনপি-জামায়াতের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
বুধবার রাতভর ও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে এঘটনায় জড়িত সন্দেহে ১৭ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মীর্জাপুর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ ইয়াকুব (৩০), ইকরাম (২৩), আবদুর রহিম (২৯), নেজাম (২৫), ইয়াসিন আরাফাত (২৮), আহাল উল্লাহ (২২), রহমত গণি (২৪), শামসু মিয়া (৫৪), আছাদ (২৭), মজিবুর রহমান (৪৬), মুন্সী মিয়া (৩৮), সোলায়মান (২৬) আহাদ (২০), সাদ্দাম (১৯), জিয়াউর রহমান (২৭), হাবিবুল্লাহ (২৫) ও আবদুর রাজ্জাজকে (২৬)।
একই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বাদী হয়ে মির্জাপুর ইউনিয়নের সদস্য বিএনপি নেতা ইয়াকুবসহ ৩২ জনের নাম উল্লেখ করে আরও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা করেন।
মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ১৯০৮ সালের বিষ্ফোরক আইন ও সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে। আটক ১৭ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় চট্টগ্রামে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, বুধবার রাতে হাটহাজারী উপজেলার চারিয়া বুড়ি পুকুর পাড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় হরতালকারীদের ছোঁড়া পেট্রোল বোমায় চালক সাবের হোসেন (২৮) ও যাত্রী রণজিৎ নাথ (৩০) দগ্ধ হন। এদের মধ্যে রণজিৎ নাথের অবস্থা আশংকাজনভাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি বর্তমানে চমেক হাসাপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

