সংবিধান সংস্কারে সব ধরনের মানুষের মতামত নিতে সারাদেশে জরিপ করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘আগামী সপ্তাহে সারাদেশে একটা জরিপ শুরু করবো। এটির মাধ্যমে যাতে সবধরনের মানুষের মতামত আমরা পাই।’ মঙ্গলবার কমিশনের কাছে সংবিধান সংস্কারে লিখিত প্রস্তাব দেয় বিএনপি। এরপর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজ বলেন, ‘বিএনপির পক্ষ থেকে একটা লিখিত প্রস্তাব আমাদের দেয়া হয়েছে। অন্যান্য দলের পক্ষ থেকেও আমরা প্রস্তাব পেয়েছি। সেগুলোও আমরা পড়বো। আমাদের দায়িত্ব হচ্ছে, বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্য থেকে আলাপ-আলোচনার মাধ্যমে কিছু সুপারিশ তৈরি করবো।’ তিনি বলেন, ‘ইতিমধ্যেই আমরা একটা ওয়েবসাইটে মন্তব্য সংগ্রহ করেছি। তাতে নির্ধারিত সময়ের মধ্যে গতকাল পর্যন্ত ৫০ হাজারের বেশি মন্তব্য আমরা পেয়েছি। আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। আরও কয়েকটি সংগঠনের সঙ্গে আমরা কথা বলবো। এছাড়া কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সঙ্গেও কথা বলবো।’ কমিশন প্রধান বলেন, ‘সংস্কার কমিশনের কাছে যে দায়িত্ব দেয়া হয়েছে, সেই দায়িত্ব অনুসারে আমাদের কিছু সুপারিশ করার কথা। আমাদের একটা নির্দিষ্ট সময় দেয়া হয়েছে, সেটা হলো ৯০ দিন। এর মধ্যে আমরা প্রস্তাবগুলো দেবো।’ নির্বাচন প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, ‘নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার। প্রস্তাবে নির্বাচন সংক্রান্ত যে মতামতগুলো এসেছে সেগুলো থেকে আমরা সুপারিশ তৈরি করবো। ফলে সুনির্দিষ্ট করে নির্বাচনের বিষয়টা কবে হবে, কী প্রক্রিয়ায় হবে সেটা সরকার বলতে পারবে। এটা সংবিধান সংস্কারের পক্ষে বলা সম্ভব নয়।’

