সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি ও চার কমিশনারকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীন ও চার নির্বাচন কমিশনার (ইসি) শপথ নিয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। কমিশনের অন্য সদস্যরা হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এ সময় আপিল বিভাগের বিচারপতিরা, মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে গত ২১ নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার।

