আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিবেশি দেশগুলির ওপর গোপনে নজরদারি চালাতো নিউজিল্যান্ড। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএয়ের সাবেক কর্মি এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড ও মার্কিন ওয়েবসাইট দ্য ইন্টারসেপ্ট।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ড সরকারের যোগাযোগ ও নিরাপত্তা বিষয়ক ব্যুরো জিসিএসবি দেশটির দক্ষিণের দ্বীপে অবস্থিত ওয়াইহোপাই স্টেশনের মাধ্যমে প্রতিবেশি ফিজি, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ , নাউরু, সামোয়া,ভানুআতু, কিরিবাতি,নিউ সেলিদোনিয়া, টোঙ্গা ও ফ্রেঞ্চ পলিনেশিয়াতে নজরদারি চালাতো। এসব দেশের কর্মকর্তাদের টেলিফোন কল, ইমেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর নিয়মিত নজরদারি চালানো হতো। এসব তথ্য আবার ফাইভ আইস নেটওয়ার্ক অর্থাৎ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কানাডাকে সরবরাহ করা হতো।
দ্য ইন্টারসেপ্ট জানিয়েছে, সংস্থাটি কোন সুনির্দিষ্ট লক্ষ্যের তথ্য সংগ্রহের পরিবর্তে সব ধরণের তথ্য সংগ্রহ করতো। সংগৃহীত এসব তথ্য পরে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএর কমকর্তাদের সরবরাহ করা হতো।
নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিবেদনে ভুল তথ্য রয়েছে । তবে জিএসসিএসবির তথ্য সংগ্রহের বিষয়ে তিনি বলেছেন, নিউজিল্যান্ডের স্বার্থে এবং নিউজিল্যান্ডবাসীকে রক্ষায় বিদেশে গুপ্তচরবৃত্তি করা হয়েছে।

