আন্তর্জাতিক ডেস্ক : মাদক নিয়ন্ত্রণ আইনের আওতায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত দুই অস্ট্রেলীয় নাগরিককে রক্ষার্থে অস্ট্রেলিয়ার দেয়া বন্দি বিনিময়-প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইন্দোনেশিয়া। এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে তারা এখনও হাল ছাড়েননি।
জানা গেছে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রায় ১১ ঘন্টা কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশস ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে এবং অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদোর সঙ্গে দীর্ঘ আলাপ করেন।
নুসাকামবাঙ্গান দ্বীপে বন্দিদের ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি হওয়াটা এখন সময়ের ব্যাপার। নিয়ম অনুযায়ী দণ্ডাজ্ঞা কার্যকর করার ঘোষণা দেয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে তা কার্যকর হয়। বালি নাইনের সদস্য অ্যান্ড্রু চ্যান (৩১) ও মুয়ুরান সুকুমারান (৩৩)এর হাতে তাই বেশি সময় আর বাকি নেই।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, দেশটির সংবিধান অনুযায়ী এমন কোনো নিয়ম নই যে বন্দি বিনিময়ের মাধ্যমে চূড়ান্ত দণ্ডপ্রাপ্ত কারও দণ্ডে অব্যাহতি দেয়া যাবে। মূলত বন্দি বিনিময় সংক্রান্ত নীতিমালায় এ ধরনের কোনো কর্মকাণ্ড সিদ্ধ করা যায় না। সুতরাং জুলি বিশপের অনুরোধ তারা রাখতে পারছেন না। জানিয়েছেন ঐ মন্ত্রণালয় বিষয়ক মুখপাত্র আরমানাত নাসির।

