সৌদি আরবে এই বছর ১০০ জনেরও বেশি বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এএফপির একটি পরিসংখ্যান অনুযায়ী এই তথ্য সামনে এসেছে। অধিকার গোষ্ঠী এই পরিসংখ্যানকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে । সরকারি সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, নাজরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে শনিবার সর্বশেষ মৃত্যুদণ্ডটি কার্যকর করা হয়েছে, আসামি উপসাগরীয় রাজ্যে মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত একজন ইয়েমেনি নাগরিক। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে সংকলিত পরিসংখ্যান অনুসারে ২০২৪ সালে এ পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিদেশির সংখ্যা ১০১। ২০২৩ এবং ২০২২ সালে সৌদি আরবে যথাক্রমে ৩৪ জন বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। বার্লিন-ভিত্তিক ইউরোপীয়-সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) বলেছে যে, এই বছরের মৃত্যুদণ্ড ইতিমধ্যে আগের রেকর্ড ভেঙে দিয়েছে। ইএসওএইচআর গ্রুপের আইনি পরিচালক তাহা আল-হাজি বলেছেন, এক বছরে বিদেশিদের মৃত্যুদণ্ড কার্যকরের এটাই সবচেয়ে বড় সংখ্যা। এর আগে সৌদি আরব এক বছরে ১০০ জন বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেনি।’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনুসারে, তেল সমৃদ্ধ দেশটি ২০২৩ সালে চীন এবং ইরানের পরে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সংখ্যক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এএফপির প্রতিবেদন অনুসারে, চলতি বছরে পাকিস্তানের ২১ জন, ইয়েমেনের ২০ জন, সিরিয়ার ১৪ জন, নাইজেরিয়ার ১০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সৌদি আরবে। এএফপির প্রতিবেদন অনুসারে, এ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মিশর, ফিলিপিন্স, সুদান-সহ একাধিক দেশের নাগরিক রয়েছেন তালিকায়। ২০২২ সালে সৌদি আরব মাদক অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার উপর তিন বছরের স্থগিতাদেশের অবসান ঘটিয়েছে এবং মাদক সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা এই বছরে বাড়িয়েছে। কূটনীতিক এবং মানবাধিকার কর্মীরা বলছেন যে, বিদেশি আসামিরা সাধারণত আদালতের নথি অ্যাক্সেস করার অধিকারসহ ন্যায্য বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। ইএসওএইচআর-এর তাহা আল-হাজি বলেন, ‘বিদেশিরা সবচেয়ে দুর্বল গোষ্ঠী। মাদক ব্যবসায়ীদের ফাঁদে পা দেবার পাশাপাশি গ্রেপ্তারের মুহূর্ত থেকে মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত তারা ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়।’ অপরাধে দোষী সাব্যস্তদের শিরশ্ছেদ করার জন্য বারবার সমালোচনার মুখে পড়েছে সৌদি আরব। যদিও সরকারি বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি উল্লেখ করা হয় না। এনজিও রিপ্রিভের জন্য মধ্যপ্রাচ্যের মৃত্যুদণ্ড বিরোধী ওকালতির প্রধান জিদ বাসিউনি বলেছেন, এবছর মৃত্যুদণ্ডের সামগ্রিক সংখ্যা ৩০০ ছাড়িয়ে যেতে পারে।

